পর্যটননগরী কক্সবাজারে এনআরবিসি ব্যাংক পিএলসি-এর ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) ব্যাংকের কক্সবাজার শাখায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান।
সভায় চট্টগ্রাম জোনের প্রধান সৈয়দ মাহবুবুল হক, কক্সবাজার এরিয়া প্রধান রফিকুল হায়দারসহ সব শাখা প্রধান, এরিয়া ও উপশাখা ইনচার্জ এবং ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন। সভায় কক্সবাজারে ব্যাংকের বর্তমান কার্যক্রম, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা, কর্পোরেট সুশাসন, কমপ্লায়েন্স, গ্রাহকসেবা, প্রযুক্তি নির্ভর সেবার সম্প্রসারণ, প্রান্তিক জনগণের অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি ড. মো. তৌহিদুল আলম খান তার বক্তব্যে বলেন, “গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সার্বিক সহায়তা দিতে শাখা ও উপশাখাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস উদ্যোগ’ বাস্তবায়নে আমরা অনলাইন এবং প্লানেট অ্যাপের মাধ্যমে নিরাপদ ও দ্রুত লেনদেন নিশ্চিত করছি।” তিনি আরও জোর দিয়ে বলেন, “ব্যাংকের সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ঋণ আদায়ে তদারকি বাড়ানো এবং নিয়মনীতি মেনে ঋণ প্রদানে গুরুত্ব দিতে হবে।”এতে কক্সবাজারে ব্যাংকের কার্যক্রম ও ব্যবসায়িক সম্প্রসারণ আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা প্রকাশ করা হয়।


