ঢাকায় অনুষ্ঠিত হয়েছে চতুর্থ বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডস, যেখানে দেশের করপোরেট খাতের ২৪ জন শীর্ষ নির্বাহীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানের পরিবেশনায় ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং প্রযোজনায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ও ইউনাইটেড গ্রুপ। সহযোগিতা করে টুয়েলভ ক্লোদিং। এ বছর মোট ২৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে মূল্য–ভিত্তিক নেতৃত্বের বিকাশ এখন সময়ের দাবি।
এবারের অ্যাওয়ার্ডের জন্য ৫১ প্রতিষ্ঠান থেকে ১০২টি মনোনয়ন জমা পড়ে। মূল্যায়ন সম্পন্ন হয় একটি বিশেষ কাউন্সিল বোর্ডের মাধ্যমে, যেখানে ছিলেন দেশের অভিজ্ঞ শিল্প–নেতা, অর্থনীতিবিদ ও শিক্ষাবিদরা। কঠোর ও নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে ২৪ জন বিজয়ী চূড়ান্ত করা হয়।
অ্যাওয়ার্ডসের দিন সকালে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় নবম লিডারশিপ সামিট। ‘রেজিলিয়েন্ট লিডারশিপ – থ্রাইভিং অ্যামিড আনসার্টেনটি’ প্রতিপাদ্যের এই সামিটে বিশেষজ্ঞ বক্তারা অনিশ্চয়তার সময়ে কার্যকর নেতৃত্ব, অর্থনৈতিক পুনরুদ্ধার, ডেটাভিত্তিক সিদ্ধান্ত এবং সাংগঠনিক দৃঢ়তার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এই সম্মাননা ও সামিট আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।


