প্রাইম ব্যাংকের ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘প্রাইম নাও’-এর সঙ্গে যৌথভাবে বাংলাদেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করেছে মাস্টারকার্ড।
‘প্রাইম নাও’ মাস্টারকার্ডে কোনো কার্ড নম্বর, সিভিভি বা মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ থাকে না। ফলে কপি, স্কিমিং বা সরাসরি দেখে কার্ডের তথ্য সংগ্রহের ঝুঁকি থাকে না। কার্ডের সব তথ্য ‘প্রাইম নাও’ অ্যাপে নিরাপদে সংরক্ষিত থাকে, যেখানে রয়েছে বহুস্তরীয় অথেনটিকেশন ও ঐচ্ছিক বায়োমেট্রিক সুরক্ষা। ফলে কার্ডহোল্ডাররা মোবাইল ফোন থেকেই অনলাইন লেনদেনের জন্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে দেখতে ও ব্যবহার করতে পারবেন।
নতুন এ ডেবিট কার্ডে রয়েছে অ্যাপভিত্তিক পূর্ণ নিয়ন্ত্রণের সুবিধা—নিরাপদ কিউআর-ভিত্তিক অ্যাক্টিভেশন, ব্যয়ের সীমা নির্ধারণ, অ্যাক্সেস ব্যবস্থাপনা এবং ডিজিটাল রিইস্যু। এমনকি কার্ডটি হারিয়ে গেলেও এতে কোনো ব্যবহারযোগ্য তথ্য না থাকায় অননুমোদিতভাবে ব্যবহার করা সম্ভব নয়।
এ ডেবিট কার্ডের মাধ্যমে দেশজুড়ে মাস্টারকার্ডের ১০ হাজারেরও বেশি পার্টনার মার্চেন্টে সারা বছর নানা সুবিধা উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসি.-এর বোর্ড চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, বাংলাদেশের প্রথম ‘প্রাইম নাও’ নাম্বারলেস কার্ড চালুর মাধ্যমে আমরা প্রচলিত ধারার বাইরে এসে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছি।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘প্রাইম নাও’ মাস্টারকার্ড নম্বরবিহীন ডেবিট কার্ডের উন্মোচন দেশের ডিজিটাল পেমেন্ট যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।-বিজ্ঞপ্তি