ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তিন দিনের সরকারি সফরে আগামী শনিবার সকালে ঢাকা আসছেন। তার আগ্রহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সফরটি অনুষ্ঠিত হচ্ছে।
ভুটানের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে চিকিৎসা শিক্ষা ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তির সংখ্যা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। বাংলাদেশ বর্তমানে প্রতিবছর ভুটানের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে চিকিৎসা শিক্ষা বিষয়ে পড়াশোনা করতে ২২টি বৃত্তি দেয়।
ভুটানের প্রধানমন্ত্রী এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তিনি বাংলাদেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের আগ্রহ প্রকাশ করেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গেলেফু মাইন্ডফুলনেস সিটির সঙ্গে বাংলাদেশের কুড়িগ্রামে অবস্থিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে সংযুক্ত করতে প্রকল্প নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ভুটানের বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রয়েছে।
আগামী শনিবার তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই-তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা আছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ কয়েকজন উপদেষ্টা ভুটানের সরকারপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শেরিং টোবগে আগামী সোমবার ঢাকা ত্যাগ করবেন।


